ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘চুয়াডাঙ্গায় এবারই প্রথম কৃষক দলের ইউনিয়ন পর্যায়ের এমন একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সকল পর্যায়ের কৃষক নেতারা উপস্থিত আছেন। তাদের বসার জায়গা হয়েছে, মত প্রকাশের সুযোগ হয়েছে।’ গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদ মাঠে আইলহাঁস, নাগদাহ ও খাসকররা ইউনিয়ন কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক এমনকি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের চুয়াডাঙ্গার কৃতী সন্তান শামসুজ্জামান দুদু ভাই। অত্যান্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যিনি সারা দেশে কমিটি গঠন করেছেন, সেই দুদু ভাইয়ের নিজ জেলা চুয়াডাঙ্গার কমিটিতে কারা নেতৃত্ব দিয়েছেন, তা আমরা জানতেও পারিনি। কিন্তু আজ আনন্দের সঙ্গেই বলছি, রাজনীতিকে কুক্ষিগত করে রাখার যে সংস্কৃতি, আমরা আজ সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এই তিন ইউনিয়ন কৃষক দলের যারা সাধারণ সম্পাদক হবেন, কেউ কারো কাছে কোনো তদবির করেননি। কৃষক দলের মাঠ পর্যায়ের প্রতিটি নেতা-কর্মীরাই ঐক্যবদ্ধ হয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটারই বাস্তবায়ন হবে। কৃষক দল স্বাধীনভাবে তাদের কমিটি গঠন করবে। জেলা বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই চুয়াডাঙ্গায় আমরা এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ, প্রতিটি নেতা স্বাধীন হবে। যিনি যোগ্য হবেন, তিনিই সকলের পছন্দে নেতা নির্বাচিত হবেন। আমরা সকলের মতকেই সানন্দে গ্রহণ করে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই নির্দেশনায় সবসময় দিয়ে এসেছেন। তিনি চান স্বচ্ছ রাজনীতি, যেখানে কোনো হিংসার ঠাই নেই, থাকবে একতা ও ভালোবাসা।’

তিনি আরও বলেন, ‘পূর্বেই নির্ধারণ হবে কমিটিতে কে কে থাকবেন, কে থাকবেন না, সেই সুযোগ আর হবে না। প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ যেভাবে কমিটি গঠন করতে চাইবেন, যার সর্মথন থাকবে, তিনিই কমিটিতে জায়গা পাবেন। পাবেন নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেয়ার সুযোগ।’
শরীফুজ্জামান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে থেকে কাজ করব। আজ আমাকে এই জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে, আমি আমার সাধ্য অনুযায়ী কাজ করব। কাল যখন আমার দায়িত্ব শেষ হবে, এই জায়গায় আবার যাকে জায়গা দেয়া হবে, তিনি সেই দায়িত্ব পালন করবেন। বিএনপির এই দল আমাদের কারো পৈত্রিক সম্পত্তি নয়, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, এই দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সেভানে আমাদের দায়িত্ব পালন করব। আপনারা সবাই সজাগ থাকবেন, এই দলকে যেন আর কেউ কুক্ষিগত করে রাখতে না পারে।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেই ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় তার প্রচার-প্রচারণা চালিয়ে যাবো। জেলার প্রতিটি মানুষের সঙ্গে আমার দেখা হবে, তারেক রহমানের প্রতিটি নির্দেশনা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।’

সম্মেলনে আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির নেতা একরামুল হক, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রাজা, নাগদাহ ইউনিয়ন সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলী প্রমুখ।
সম্মেলনে নাগদাহ, আইলহাঁস ও খাসকররা ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়। নাগদাহ ইউনিয়ন কৃষক দলের কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক আজিবার রহমান ও সাংগঠনিক সম্পাদ ফারুক হোসেন। আইলহাঁস ইউনিয়ন কৃষক দলের কমিটতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন হোসেন ঝণ্টু, সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা। এবং খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুখ হোসেন, সাধারণ সম্পাদক লালচাঁন মেম্বার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্বাছ আলী দায়িত্ব পেয়েছেন।
