ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এই দিবস পালন করা হয়।
চুয়াডাঙ্গা:
‘নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে `জয়িতা অন্বেষণে বাংলাদেশ` শীর্ষক কার্যক্রমের আওতায় নির্বাচিত জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলা পৌনে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহিয়সী নারী বেগম রোকেয়া দিবসে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেয়া হচ্ছে। বেগম রোকেয়া ব্যক্তির নাম নয়, প্রতিষ্ঠানের নাম। নারী অগ্রযাত্রার অগ্রদূত। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যায় নারী। নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম কবীর আহম্মেদ, গীতাপাঠ করেন সুনিল মল্লিক ও বাইবেল পাঠ করেন লিণ্টন রায়। অনুষ্ঠানে বক্তব্য দেন সুবর্ণ মানবকল্যান সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতামা মিতা। অনুষ্ঠানে জয়িতাদের মধ্যে বক্তব্য দেন আয়েশা আক্তার রিক্তা, শারমিন জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে পাঁচ ক্যাটাগরিতে জয়িতা নির্বাচন করে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। যারা জয়িতা সম্মাননা ক্রেস্ট এবং সনদ পেলেন, তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী চুয়াডাঙ্গা শহরের গোরস্তান পাড়ার মোছা. শারমিন জামান, সফল জননী গোরস্তান পাড়ার তহমিনা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় গোরস্তান পাড়ার হেলেনা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের আয়েশা আক্তার রিক্তা এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী শংকরচন্দ্র ইউনিয়নের কবিতা খাতুন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়ার, উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, আলামডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও জাগরণী চক্রের প্রতিনিধি আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর জামাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য দেন নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, সালমা খাতুন, মনিকা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতার মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সালমা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে মনিকা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় কবিতা সুলতানা, সমাজ উন্নয়নে অবদান রাখায় সাহারা খাতুন ও সফল জননী কোহিনুর বেগম।

দামুড়হুদা:
‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে দামুড়হুদায় বেগম রোকেয়া দিবসে পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিলিমা আক্তার হ্যাপি, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমবায় অফিসার হারুন অর রশিদ, অ্যাকাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ।

গাংনী:
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি’ প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে ৫ জয়িতাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- সফল জননী গাংনীর চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা অর্জনকারী নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী গোপালনগর গ্রামের কাকলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাথুলী গ্রামের ভাবিরন নেছা, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী নারী হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা আক্তার বানু।
মহেশপুর:
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহেশপুরে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মহেশপুরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তারর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, মহেশপুর থানার ওসি (তদন্ত) জহিরুল হক, কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৫ জয়িতা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. মায়া, সফল জননী নারী মোসাম্মদ সাহিদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মনিকা আইস, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তুহিন সুলতানা, সমাজ সেবায় অবদানকারী শারমিন নাহারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
