ছবির ক্যাপশন:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’। গতকাল সোমবার জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, মানববন্ধন কর্মসূচি ও আলোচনা, মেলা ও বৃক্ষরোপণসহ দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত পাশ হয়। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। সে হিসেবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে গতকাল সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিনয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী উপলক্ষে অনুষ্ঠিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে জেলা পুলিশ সুপারের পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম।
অন্যদিকে, নানা কর্মসূচিতে আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোল করা হয়। পরে সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের কারিগর তরুণ প্রজন্ম। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত রাষ্ট্রকাঠামো তৈরি করাই আমাদের লক্ষ্য।’
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধ দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা’ স্লোগানে দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফুল হক উলুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান। তিনি বলেন, ‘দুর্নীতি একটি মরণব্যাধি। এটি প্রতিরোধ করতে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অন্যদিকে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জীবননগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের কর হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহিনুর হায়দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

অপরদিকে, মেহেরপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় উপস্থিত থেকে আরোও বক্তব্য দেন কুষ্টিয়া অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম প্রমুখ। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় ও দিবসের পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এদিকে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে ঝিনাইদহে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সকালে স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সনাকের সভাপতি এম সাইফুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার এমকে ইমাম মেহেদি শাহ আলম, জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সনাকের সিনিয়র সদস্য আবু তাহের। স্বাগত বক্তব্য দেন সনাকের সদস্য ইলা রানী বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সনাকের সিনিয়র সদস্য এন এম শাহজালাল। আয়োজকরা জানায়, এবারের মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩০ টি স্টল স্থান পেয়েছে। সরকারি বিভিন্ন সেবা, উন্নয়নমুলক কাজ ও চলমান প্রকল্পের তথ্য পাওয়া যাবে এ মেলায়।
