ছবির ক্যাপশন:
আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের শহীদ আবুল কাসেম সড়কে এই মানববন্ধন করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিমুনাফার লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আলু, পেঁয়াজ এবং খোলা সয়াবিন তেলের দাম সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর দাম মানভেদে প্রতি কেজি ৭৫-৮০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১৫-১৩০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৫-১৬৮ টাকা বিক্রি হচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘সিন্ডিকেটের কারণেই আলুর দাম বেড়েছে। হিমাগারে মজুতকৃত আলু এবং আমদানি জটিলতার ফলে বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। একইভাবে, পেঁয়াজের দামও দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে আসেনি। কৃষকদের কাছ থেকে নামমাত্র দামে আলু কিনে মজুত করে অতিরিক্ত মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকারি সংস্থাগুলোকে সজাগ হতে হবে এবং উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সদস্য উম্মে হাবিবা প্রমুখ। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ‘দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি বন্ধ, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা, এবং আইনে নিষিদ্ধ ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধের’ দাবি জানানো হয়।
এদিকে, মেহেরপুরে অতি মুনাফালোভী দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি এবং আইনে নিষিদ্ধ খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ ক্যাব নেতৃবৃন্দ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, ক্যাব গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম, সময়ের সমীকরণের মেহেরপুর সদর প্রতিনিধি এস এ খান শিল্টু, প্রদীপ দিলারা জাহান প্রমুখ।
পেঁয়াজ ও আলু এবং ভোজ্য তেলের বিষয়ে ভোক্তা অধিকার রক্ষা করার দাবি জানিয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
