ছবির ক্যাপশন:
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচি পালন করে তারা। চুয়াডাঙ্গায় বেলা একটার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম।

এসময় বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ফোরামের আইনজীবীরা বলেন, ‘চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশের এই আলিফের মতোই অসংখ্যা আইনজীবী ভয়ে আছে সন্ত্রাসীদের তাণ্ডবে। তাই এসব সন্ত্রাসী ও সমাজবিরোধী ষড়যন্ত্রকারী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারাদেশের মতোই এই চুয়াডাঙ্গা জেলায় বিক্ষোভ কর্মসূচি চলবে। কোর্ট বর্জন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেষবারের মতোই দাবি করে বলতে হচ্ছে অ্যাড. আলিফ হত্যার বিচার করুন। মূল হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে বিচারের কাঠগড়ায় তোলার আহ্বান করছি।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়াত হোসেন আসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. জিল্লুর রহমান জালাল, পি.পি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, অ্যাড. অহিদুল আলম মানি খন্দকার, অ্যাড. মঈনুদ্দিন মইনুল, অ্যাড. ওয়াহিদজ্জামান বুলা, অ্যাড. আ.স.ম আব্দুর রউফ (পিপি) প্রমুখ। পরে শহরের কোর্ট মোড়ে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ফোরামের আইনজীবীরা অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টোটন, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মখলেছুর রহমান খান (স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন প্রমুখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি আদিল করিম, সহসভাপতি শহিদুল ইসলাম, এ কে এম জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আরিফুজ্জামান, অ্যাডভোকেট আ. ন. ম. আল মামুন (অনল) প্রমুখ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপর দিকে, চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, ফোরামের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম।
সমাবেশে বক্তারা বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।
