ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলন শুধু অংশগ্রহণকারী নেতা-কর্মীদের সংখ্যার দিক থেকেই নয়, শৃঙ্খলার দিক থেকেও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন ১৩ হাজার ডেলিগেট কার্ডধারী নেতা-কর্মী এবং ৮০৮ জন কাউন্সিলর। বিএনপি ও অঙ্গ সংগঠনের ১ হাজার ২০০ জন স্বেচ্ছাসেবক সকাল থেকে সম্মেলনের শেষ সময় পর্যন্ত মাঠে থেকে সম্মেলনের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করেন। তাদের এই একাগ্রতা ও শৃঙ্খলা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন অনেকেই। গতকাল শনিবার সকাল ৯টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে এটি শুরু হয় সকাল সাড়ে ১০টায়। তবে সময়মতো সম্মেলনস্থলে উপস্থিত হওয়া নেতা-কর্মীদের ধৈর্য্যশীল ও অনুপ্রাণিত আচরণ সবাইকে মুগ্ধ করে।
সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গা জেলা বিএনপির এমন শৃঙ্খলা পরিবেশ দেখে প্রশংসা করতে বাধ্য হন। সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা নিয়ে আমাদের মধ্যে কিছুটা সংশয় ছিল। কিন্তু সম্মেলনস্থলে এসে আমি অবাক হয়েছি। সম্মেলনে একটি চেয়ারও ফাঁকা ছিল না। এটাই চুয়াডাঙ্গার নেতা-কর্মীরা দলের প্রতি কতটা নিবেদিত, তা প্রমাণ করেছে।’
