ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া চ্যাকলিয়ার বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিপত্তি
শেখ শফিউজ্জামান: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর। সোমবার সন্ধ্যার দিকে আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের চ্যাকলিয়ার বিলে নৌকায় ঘোরাঘুরির সময় ঘটনাটি ঘটে। নিহত তারিক ও জাহিদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের তিন বন্ধু তারিক (১৪), জাহিদ (১৩) ও শাহিন (১২) গতকাল বিকেলে পাশ্ববর্তী ছয়ঘরিয়া বিলে নৌকায় ঘুরছিল। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। তারা নৌকায় থাকাকালীন তাদের ওপর বজ্রপাত হলে ঝলসে যায় তািরক ও জাহিদ। বজ্রাঘাতে তারা নৌকা থেকে বিলের পানিতে পড়ে যায়। পরে জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তারিক আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের উত্তরপাড়ার কালু মিয়ার ছেলে এবং জাহিদ নজরুলের ছেলে। আহত হয়েছে একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিমা আক্তার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই কিশোর দুটি মারা গেছেন।
