ছেলের বিরুদ্ধে থানায় পিতার অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-18 ইং
ছেলের বিরুদ্ধে থানায় পিতার অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগরে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বৃদ্ধ পিতা মুনসুর আলী (৭০)। গতকাল রোববার দুপুরে উপজেলার বাড়ান্দী গ্রামে তুচ্ছ ঘটনায় মমিন মির্জা (৩৫) তার পিতা মুনসুর, বোন মুসলিমা খাতুন ও জামাতা শরিফুল ইসলামকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধর করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় গতকালই অভিযোগ করেছেন মুনসুর আলী।

মুনসুর আলী বলেন, ‘মমিন আমার ও তার মায়ের প্রতি ন্যূনতম নৈতিক দায়িত্ব পালন করে না। আমাদের বয়স হয়েছে, সে আমাদের সম্পত্তি ভোগ করলেও আমাদের খোঁজ নেয় না। বিভিন্ন অজুহাতে প্রায়ই সে আমাদের ওপর অত্যাচার করে। আমি সন্তান হিসেবে প্রতিবার তাকে ক্ষমা করেছি। কিন্তু তার মধ্যে মানবিকতা না থাকায় থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। আজ (গতকাল) তুচ্ছ একটি বিষয় নিয়ে আমাকেসহ আমার মেয়ে ও জামায়কে পিটিয়ে আহত করেছে। ওর ভয়ে আমরা হাসপাতালেও যেতে পারছিলাম না। পরে লুকিয়ে প্রথমে হাসপাতাল ও পরে থানায় যায়।’

শরিফুল ইসলাম বলেন, ‘মমিন সম্পর্কে আমার শ্যালক। কিন্তু দুঃখের বিষয় সে তার বোন ও আমাকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বিভিন্ন মানুষের কাছে বলে বেড়ায়। যা আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। প্রতিবাদ করতে গেলে সে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। নিজের বৃদ্ধ পিতাকেও সে পিটিয়ে আহত করেছে।’

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং চরম অপরাধের। বৃদ্ধ বাবা-মাকে মারপিট কিংবা অন্য যে কোনোভাবে অত্যাচার করা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আইনানুযায়ী তার বিচার হওয়া উচিত।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল।’ তিনি বলেন, ‘বাবা-মাকে অত্যচার করে সন্তান পার পাবে, তা হতে পারে না। অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)