ছবির ক্যাপশন:
এবার দেশের জনপ্রিয় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২ লাখ টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নষ্ট ও পুরাতন খাবার উপকরণ পুনরায় ব্যবহার ও ফ্যাক্টরিতে কোনো কেমিস্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল রোাববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী ও জেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি বলেন, এর আগেও বঙ্গজের চুয়াডাঙ্গার ফ্যাক্টরিকে সতর্ক করা এবং একই অপরাধে জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। শ্রমিকদের হাতে কোনো হ্যান্ড গ্লাভস ছিল না। তৈরিকৃত খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো-ছিটানো অবস্থায় রাখা ছিল। নষ্ট ও নোংরা খাবার পুনরায় খাবার তৈরিতে ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট ছিল না। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ত্রুটি সংশোধনে নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম।
