ছবির ক্যাপশন:
‘এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আলমডাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও বার্ষিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারিতে এর আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব সমাজসেবক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ার পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার নাম ছড়িয়ে পড়বে তোমাদের মাধ্যমে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান। তাই আজ আলমডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যদের প্রতি আমার অনুরোধ, তোমরা ভালো মানুষ হওয়ার পাশাপাশি, নিজ নিজ ক্ষেত্রে যখন প্রতিষ্ঠিত হবে, তখন দেশ ও নিজের জেলার কল্যাণে কাজ করবে।’
এসময় শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বিএনপি নেতা শরীফ আরোও বলেন, ‘ভর্তি পরীক্ষাসহ গরিব-মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলমডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির পাশে আছি।’ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিৎ।’

নবীনবরণ ও মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ শাহিন রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ স্বরাজ, সাংবাদিক হুসাইন মালিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শারমিন শোভা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খাদিমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল ও গেঞ্জি পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজিক্যাল বিভাগের শিক্ষার্থী কেএম মর্তুজা আহমেদ, সাইকোলজি বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার কনি এবং বিদায়ী শিক্ষার্থী হিসেবে সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আমিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘দল-মত নির্বিশেষে সবাই মিলে আমরা আলমডাঙ্গা উপজেলাকে সাজাতে চাই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদেরকে সমাজে সম্মান ও মর্যাদার সাথে বিবেচনা করা হয়। ক্ষয়ে যাওয়া সমাজকে নতুনভাবে বিনির্মাণে আপনারাই সবচেয়ে বড় স্টেকহোল্ডার। আপনাদের নিয়েই আমরা সম্ভাবনার স্বপ্ন দেখি।’
