ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন আরোহী গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার মুকুল হোসেনের ছেলে কৌশিক (২৪), আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের স্বপন মিয়ার ছেলে নোমান (২৩) ও একই এলাকার হাসান মিয়ার ছেলে আলামিন হোসেন (২০)।
স্থানীয়রা জানান, রাতে রাস্তা ফাঁকা থাকায় দুইটি মোটরসাইকেলই দ্রুতগতিতে ব্রিজের উপর উঠে। এসময় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলেই দুমড়ে মুচড়ে যাওয়াসহ তিনজন আরোহী গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় নোমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘আহতদের মধ্যে দুজনকে ভর্তি রাখা হয়েছে। তবে নোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
