ছবির ক্যাপশন:
মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করায় পুলিশ এনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত রোববার থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেন। এসময় প্রধান শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ডেকে আনেন। তিনিসহ শিক্ষা অফিসের কর্মকর্তারা বিদ্যালয়ে আসেন।
এর বেশ কিছু পরে বিদ্যালয়ে পুলিশের একটি টিম উপস্থিত হয়। এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে পুলিশ কেন? স্লোগানে বিক্ষোভ শুরু করে। তখন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন পুলিশ নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন তাদের বলেন, তোমাদের এ আন্দোলন করার হুকুম দিয়েছে কে? কোন শিক্ষক এর সঙ্গে জড়িত, তার নাম বলো। নিজেরাও ধ্বংস হচ্ছো অন্য ছোট ভাইদেরও ধ্বংস করছো। তোমরা ছাত্র হবা না মস্তানি করবা। পুলিশ কেন এসেছে তোমাদের জানতে হবে না। তোমরা ক্লাসে ফিরে যাও, না হলে তোমাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন বলেন, ‘আমরা বিদ্যালয়ে এসেছি অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে। এসময় শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে ক্লাসে যেতে বলা হয়।’ বিদ্যালয়ে পুলিশের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘বহিরাগতরা বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই পুলিশ মোতায়ন করা হয়।’
