খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির সমাবেশ

আপলোড তারিখঃ 2024-07-04 ইং
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির সমাবেশ ছবির ক্যাপশন:

মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত পৃথক সমাবেশে মেহেরপুরে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং ঝিনাইদহে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী।

মেহেরপুর:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এসময় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশ আজ অসহনীয় দুর্নীতিতে ভরে গেছে। প্রতিটি সেক্টরে দুর্নীতি। দুর্নীতির ফলে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সাবেক পুলিশ প্রধান বেনজীর, সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ ও মতিউরের মতো দুর্নীতিবাজরা এ দেশে আছে। কিন্তু সরকার তাদের কিছু করতে পারছে না। আজ সরকার টালমাটাল হয়ে পড়েছে।’ বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্রকামী মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

``

ঝিনাইদহ:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী বলেছেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা দুর্নীতিবাজ সরকার। শুধু সরকার প্রধানই নয়, তার মন্ত্রীসভার সব সদস্যই লুটেরা-দুর্নীতিবাজ। আর শেখ হাসিনা হচ্ছেন এই ৩৪ চোরের সরকার প্রধান।’

নিতাই রায় চৌধুরী গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিণ্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলা দল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম।

এদিনে, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগদান করেন। নিতাই রায় চৌধূরী আরও বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অন্যায় ও অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন। একইভাবে পুলিশ প্রধান বেনজীর আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন।

নিতাই রায় অভিযোগ করেন, শেখ হাসিনা এই মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছেন। তিনি এই বাহিনীগুলো এভাবেই সাজিয়েছেন। এ কারণেই প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে প্রতিমুহূর্তে পদপিষ্ট করা হচ্ছে। যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা-সমাবেশ করতে না পারি।

তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়ে যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। তাই সময় থাকতে দেশপ্রেমিক বিএনপি নেতা-কর্মীদের জেগে উঠতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)