প্রাণভয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

আপলোড তারিখঃ 2017-09-10 ইং
প্রাণভয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক ছবির ক্যাপশন:
রোহিঙ্গাদের জন্য চাই ৭ কোটি ৭০ লাখ ডলার : জাতিসংঘ সমীকরণ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য শিগগির ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সীমান্ত পেরোনো লোকজনের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এখানকার আশ্রয় শিবির ও বসতিগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীও নতুন আসা ব্যাপক সংখ্যক মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। রাখাইনে নির্যাতনের মুখে ২৫ অগাস্ট থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের ধারণা। এর ফলে সীমান্ত জেলা কক্সবাজারে রোহিঙ্গার সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। রোহিঙ্গাদের জন্য নতুন বসতি স্থাপন ও সম্প্রসারণ দ্রুত হলেও ছিন্নমূল এসব মানুষের জন্য মৌলিক সেবা খুবই অপ্রতুল। পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণসংস্থাগুলো তিন লাখ শরণার্থী ধরে ২০১৭ সাল পর্যন্ত তাদের থাকার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে। এসব রোহিঙ্গা শরণার্থীদের মৌলিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় এই ৭ কোটি ৭০ লাখ ডলার দিয়ে নতুন করে আসা এসব মানুষের জন্য দ্রুত প্রয়োজনীয় সেবা পৌঁছে দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বিবৃতিতে আরো বলেন, অত্যন্ত দুরবস্থায় পড়া এসব মানুষ প্রাণের ভয়ে ঘরবাড়িসহ সবকিছু ছেড়ে নিঃস্ব অবস্থায় পালিয়ে বাংলাদেশে আসছে। এটা থামবে না বলেই মনে হচ্ছে, তাই তাদের জরুরি প্রয়োজনে সাড়া দিতে গেলে কক্সবাজারে কর্মরত সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত সম্পদ থাকা চাই। সর্বশেষ সংকটের আগে থেকেই সংস্থাগুলো মাঠে সক্রিয় থাকলেও রোহিঙ্গাদের এবারে ঢল তাদের হতভ¤॥^ করে দিয়েছে বলে মন্তব্য করেন ওয়াটকিনস। নতুন আসা এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে ৬০ হাজার ঘর তৈরির প্রয়োজন। তার সঙ্গে দরকার খাদ্য, সুপেয় পানি এবং মানবিক স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ও যৌন সহিংসতা থেকে বেঁচে যাওয়াদের জন্য সহায়তাসহ সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করাও জরুরি। জরুরি ত্রাণ সহায়তার জন্য এর মধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল থেকে ৭০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে শরণার্থী শিবিরের ভেতরে ও বাইরে ৭৫ হাজার মানুষের জীবন বাঁচানোসহ মৌলিক সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এদিকে, মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মানুষকে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এসব মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।’ জুন মাসে সাইক্লোন মোরার আঘাতের পর ডেনমার্ক কক্সবাজারের কাছে রোহিঙ্গা অস্থায়ী বসতিগুলোতে ত্রাণ সহায়তা বাবদ আইওএম এর মাধ্যমে ৩৬ লাখ টাকা প্রদান করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)