তিন মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

সৌদি আরবে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
তিন মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ ছবির ক্যাপশন:

অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিন মাস ৭ দিন পরে দেশে ফিরেছে সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রিপন হোসেনের (২৮) মরদেহ। রিপন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশাদুল হকের ছেলে। জীবননগরের উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ইউপি সদস্য (মেম্বার) আরমান আলী জানান, গতকাল শুক্রবার ভোর চারটার দিকে রিপনের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে সকাল ৮টায় জানাজা শেষে সেনেরহুদা গ্রামের জান্নাতুল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াদ থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ট্রানজিট (রিয়াদ-কলম্বো-ঢাকা) কার্গো ফ্লাইটে ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপনের মরদেহ পৌঁছায়। বিমানবন্দরের সকল কার্যক্রম শেষে রিপনের মরদেহের কফিনটি বৃহস্পতিবার রাতে তার পিতা আশাদুল হকের কাছে হস্তান্তর করা হয়। ২০২৩ সালেল ২৮ ডিসেম্বর প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে সৌদি প্রবাসী রিপন হোসেন আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাসিম ব্রুদা শহরের একটি কৃষি খামারে কাজ করতেন তিনি। রিপন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে প্রেমিকার সাথে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় তার। এসময় রিপন (২৮ ডিসেম্বর) প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রিপনের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে রিপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলার প্রমাণও পায়। কিন্তু রিপনের লিগ্যাল ডকুমেন্টস না থাকায় সৌদির সরকারি দাপ্তরিক কাজে মরদেহ প্রেরণের জটিলতা দেখে দেয়।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী ও সৌদি প্রবাসী সাংবাদিক আরটিভি প্রতিনিধি বশির উদ্দীনের মাধ্যমে জানা যায়, প্রবাসী রিপনের মরদেহ দেশে প্রেরণে কোনো সরকারি অর্থায়ন নেই। দেশটির ভিসা নীতি লঙ্ঘন করে অবৈধভাবে চুক্তিবিহীন স্বেচ্ছায় কাজ করে বেড়াতেন তিনি। এই কারণে তার মৃত্যুতে কফিল (কোম্পানি) কোনো প্রকার খরচ বহনে বাধ্য নয়। তার লিগ্যাল ডকুমেন্টস না থাকায় তার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে না বলেও জানায় তার কোম্পানি। নিজেদের অর্থায়নে মরদেহ নিজ দেশ ফেরত নিয়ে আসতে হবে।

এমতাবস্থায় গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে  বাংলাদেশ দূতাবাসকে, রিয়াদের প্রথম সচিব শ্রম (স্থানীয়) স্বাক্ষরিত {স্বারক নং- ১৯.০১.৯৬৬১.৭০০.৩৩.০০১.১৭ (অংশ-০১)-৪৬২} এক চিঠিতে স্থানীয়ভাবে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত জারি করা হয়। মৃতদেহর বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো সময় দাফন করলে দূতাবাসের কোনো করণীয় থাকবে না।

পরবর্তীতে উপজেলার উথলী গ্রামের সন্তান সৌদি প্রবাসী রায়হানের সার্বিক তত্ত্বাবধানে, সৌদি প্রবাসী সাংবাদিক আরটিভি প্রতিনিধি বশির উদ্দীন এবং ইন্ডিয়ান ভিত্তিক প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় প্রায় ১১ হাজার রিয়াল অর্থাৎ সাড়ে ৩ লাখ টাকা খরচ করে তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে। রিপনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে তার পরিবার, কোনো জনপ্রতিনিধি বা কোনো জনশক্তি অফিস ন্যূনতম সহযোগিতা করেনি বলেও জানান তারা। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিন মাস ৭ দিন পর দেশে ফেরে জীবননগরের সেনেরহুদা গ্রামের সৌদি প্রবাসী যুবক রিপন হোসেনের মরদেহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)