দর্শনায় বিজিবি’র অভিযানে এক কোটি টাকার স্বর্ণসহ তাছলিমা আটক

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
দর্শনায় বিজিবি’র অভিযানে এক কোটি টাকার স্বর্ণসহ তাছলিমা আটক ছবির ক্যাপশন:

দর্শনার ছয়ঘরিয়া থেকে ১১টি স্বর্ণেরবারসহ তাছলিমা খাতুন (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। গতকাল রোববার বেলা ১১টার দিকে ভারতে স্বর্ণ পাচারকালে তাকে আটক করা হয়। তাছলিমা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কামাড়পাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে। গতকাল দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ বিজিবি গোপনের ভিত্তিতে জানতে পারে, দর্শনা থানার ছয়ঘড়িয়া গ্রাম দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে ছয়ঘড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী ছয়ঘড়িয়া গ্রামের মধ্যদিয়ে সীমান্ত অভিমুখে যাওয়ার পথে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। এসময় ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন নামের এক নারীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের সামনে ফেলে দেয়। পরে সেগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আটক ওই নারীকে দর্শনা থানায় হস্তান্তর করে বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)