ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনীতে এবার বড় ধরনের পরিবর্তন এনেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতে নির্বাচনি প্রচারণায় রঙিন পোস্টার অনুমোদন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর বাতিল, জামানত বাড়ানোসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, সংশোধিত উপজেলা পরিষদের বিধিমালা বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে। এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সভায় যেসব বিষয়ে ইসি সিদ্ধান্ত হয় : স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে ২৫০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান বাতিল: প্রতীক বরাদ্দের আগে মনোনয়নপত্র দাখিলের পর থেকে সর্বোচ্চ পাঁচ জন লোক নিয়ে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা: কোনো পদে সমান ভোট পেলে পুনরায় ভোটের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ; প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ টাকা, ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার এবং মহিলা সদস্যদের ক্ষেত্রে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে: পোস্টারে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার ব্যবহার বন্ধ: শব্দদূষণ কমানোর লক্ষ্যে মাইকের সাউন্ড ৬০ ডেসিবেলের নিচে রাখা; পোস্টার, ব্যানার সাদা-কালো অথবা রঙিন করার প্রস্তাব; চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচনি ব্যয় ২৫ লাখ এবং মহিলা সদস্যদের ১ লাখ টাকা; মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্তি; নির্বাচনি প্রচারণায় একটি অধিক শব্দ যন্ত্র (হর্ন) বা জনসভায় চারটির অধিক শব্দযন্ত্র (হর্ন) ব্যবহার করা যাবে না প্রভৃতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এ সংশোধনীর কাজে হাত দেয় ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন। কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে সভায় প্রাথমিক খসড়ার প্রস্তাবনা তৈরি করা হয়। সোমবার সেটি কমিশন সভায় উপস্থাপনের পর কিছু কাটছাঁট করে অনুমোদন দেয় কমিশন। ইতিমধ্যে ইসি জানিয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। এবার প্রথম ধাপে ৪ নে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
