‘দ্য মেদিনিপুর ওরস স্পেশাল ট্রেন’

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
‘দ্য মেদিনিপুর ওরস স্পেশাল ট্রেন’ ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
প্রতি বছরের ন্যায় এবারও দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এই বিশেষ ট্রেনটি দর্শনা ইমিগ্রেশন ত্যাগ করে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনটি দর্শনা ইমিগ্রেশনে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে পৌঁছায়। সকাল সাড়ে ৮টায় দর্শনা ইমিগ্রেশনে কাগজপত্র যাচাই শেষে ১০টায় ছেড়ে যায় ট্রেনটি। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে বার্ষিক ওরশ উপলক্ষে যাচ্ছে বিশেষ ট্রেনটি। ১২৩তম ওরশে বাংলাদেশ থেকে যাচ্ছে ২ হাজার ২৫১ জন। এদের মধ্যে ১ হাজার ৩১৮ জন পুরুষ ও ৯৩৩ জন নারী।

ভারত থেকে আসা ২৪ বগির বিশেষ একটি ট্রেন যাত্রীদের নিয়ে গত বুধবার রাত ১০টায় মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী বলেন, ১৭ ফেব্রুয়ারি রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানীর (রা.) বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ওরশ অনুষ্ঠিত হবে।

শত বছরেরও বেশি সময় ধরে এই ওরশ উৎসবকে নিয়ে আন্তর্জাতিক বিশেষ এই ট্রেনটি দুটি দেশের সেতুবন্ধন এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশকে ঘিরে এ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। ওই ওরশের সঙ্গে মিল রেখে একই দিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফে নানা আনুষ্ঠানিকতা হয়। পীরের ভক্তরা এতে যোগ দেন। ওরশে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে ভিসা দিয়ে থাকেন বলে জানান আজিজ কাদেরী।

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, দুপুরে ভারত থেকে ২৪ বগির ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ট্রেনের ভেতরে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য গার্ড, ইলেকট্রিশিয়ান, অ্যাটেনটেন্ড নিয়োগ দেওয়া হয়েছে। ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি একই ট্রেনে যাত্রীরা ফিরবে।
এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ আতিক হাসান জানান, যাত্রীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রত্যেক যাত্রীর বৈধ পাসপোর্ট আছে কিনা সব চেকিং করে ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ বিশেষ ট্রেনটি ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)