ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীন প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে সব শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৩ পরীক্ষার্থী। আর একজন কক্ষ পরিদর্শকসহ বহিষ্কৃত হয়েছে মোট ২৫ জন। এ বছর চুয়াডাঙ্গা থেকে ১২ হাজার ৩৯৬ এবং মেহেরপুর থেকে ৮ হাজার ৪৯৩ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এই দুই জেলা থেকে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৬১ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে মাধ্যমিক বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার কোনো পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে জেলার চার উপজেলায় মোট ১৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসনের শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

তথ্য মতে, প্রথম দিনের পরীক্ষায় জেলার ১২ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মাঝে ১২ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকি ১৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে এসএসসি (সাধারণ) পরীক্ষায় মোট ১০ হাজার ১১৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ১০ হাজার ৯ জন। অনুপস্থিত ১০৮ জন। ভোকেশনাল ও দাখিলের (ভোকেশনাল) ১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিল ১ হাজার ৪৬৬ জন। অনুপস্থিত ১৫ জন। দাখিল পরীক্ষায় ৯৬১ জনের মধ্যে উপস্থিত ছিল ৯২১ জন। অনুপস্থিত ৪০ জন।
এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অনিয়ম এড়াতে এবং প্রশ্নফাঁস রোধে সার্বক্ষণিক চারটি ভিজিলেন্স টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও পুলিশ সদস্যরা মাঠে ছিলেন। সকাল সাড়ে ১০টার পরে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। তিনি কেন্দ্রের বেশ কয়েকটি কক্ষ পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে সেখান থেকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার প্রশ্নপত্রও অত্যন্ত মানসম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার্থীরা সাবলীলভাবে তাদের প্রশ্নের উত্তর লিখতে পেরেছে। প্রশ্নপত্র ফাঁসসহ সকল প্রকার অনিয়ম রোধে সার্বক্ষণিক কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। কেন্দ্রে কেন্দ্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। এডিসি, ইউএনওরা দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলার ট্যাগ অফিসাররা দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে চুয়াডাঙ্গার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করব।
মুন্সীগঞ্জ:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, এ দুটি কেন্দ্রে ৬৫১ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন শিক্ষার্থী। এরমধ্যে বালক একজন ও বালিকা ৯ জন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে উপস্থিত হয়। কেন্দ্র সচিব আতিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম ও পশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এছাড়া দুটি কেন্দ্র ছিল নকলমুক্ত।

জীবননগর:
জীবননগরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি কেন্দ্র ও ২টি ভেনু কেন্দ্রে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ছিল ৩০ জন। জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭৪ জন। অনুপস্থিত ছিল ২ জন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৪২ জন। অনুপস্থিত ছিল ৩ জন। জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৫৬ জন। অনুপস্থিত ছিল ২ জন। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৯ জন। হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫২ জন পরীক্ষায় অশগ্রহণ করে। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জীবননগর থানা আলিম মাদ্রাসা কেন্দ্রে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ৬ জন। এ ছাড়া হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৮৮ ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেনু কেন্দ্রে ৪৪৮ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪৭ জন। অনুপস্থিত ছিল ৬ জন। মোট ২ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩০ জন। অনিয়মিত ছাত্র-ছাত্রীর ছিল ২৩৫ জন।
আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেনুতে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় ও সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অ.দ.) তিথি মিত্র। এসব কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মেহেরপুর:
মেহেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় একযোগে শুরু হয় মাধ্যমিক বাংলা ১ম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে থেকেই অভিভাবকদের সাথে পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা যায়। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবার জেলার তিন উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৮ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ৭ হাজার ৩২ জন, দাখিল ৫৫৮ জন এবং ভোকেশনাল বিভাগ থেকে ৮৯৫ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৮ পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি ৭১, দাখিল ১৯ ও ভোকেশনাল ৮ পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
