চুয়াডাঙ্গায় ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
চুয়াডাঙ্গায় ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:


সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।

``

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। তিনি বলেন, ‘বিজ্ঞানের পরিবর্তন আমাদের মাঝে দৃশ্যমান। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করার না। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। একসময় আমাদের স্কুলে বসার জায়গা না থাকায় ইট পেতে বসতে হয়েছে। সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে স্কুলের আধুনিক ও নানা রঙের ভবনগুলো দেখলেই বোঝা যায় সেখানে বিজ্ঞানের কতটা ছোঁয়া লেগেছে। শিক্ষার মানেরও অনেক উন্নতি হয়েছে।’

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘আজকে আমাদের যে আয়োজন, শুধু স্টল করে প্রজেক্ট দেখাবে তা না। এর বাইরে আরও কিছু আয়োজন আছে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশ করতে পারে। তারা যেন কোথাও যেয়ে তাদের মেধা দেখাতে পারে সেই জন্যই আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে আমরা যে উন্নয়নের মহাসড়কে এসেছি সেই অগ্রযাত্রা আমাদের ধরে রাখতে হবে।’

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী জারিন তাসনিম। মেলায় মাধ্যমিক পর্যায়ে ১৫টি ও কলেজ পর্যায়ে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

``

জীবননগর:
জীবননগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মেলায় ২২টি স্কুল ও কলেজের শিক্ষর্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই মেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।


মেলা উদ্বোধনের আগে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মাদ মোহাইমিনুল ইসলাম প্রমুখ।

``

ঝিনাইদহ:
দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের (৪৫তম বিজ্ঞান মেলা) উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০টি স্টল স্থান পায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)