ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী থেকে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী থেকে ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে পিণ্টু বিশ্বাস (৫০) ও একই উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশাদুল হকের ছেলে পিয়াস হোসেন (২১)। গতকাল বিকেল সাড়ে চারটায় মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়ক ব্যবহার করে জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে। এ তথ্যের পরিপ্রেক্ষিত ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানার নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথলী বিওপির পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ইজিবাইক উথলী থেকে জীবননগর সীমান্তের দিকে যেতে দেখে তাদের সন্দেহ হয়। এসময় তারা ইজিবাইকটি তল্লাশি করে ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা। এসময় আটক করা হয় পিণ্টু বিশ্বাস ও পিয়াস হোসেনকে।
বিজিবি আরও জানায়, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। আটক দুজনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় জীবননগর থানায় মামলা করা হয়েছে। এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
