ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সমাজের বিভিন্ন সমস্যা, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মূখ্য ভূমিকা পালন করতে পারে স্কাউট। তাই শিক্ষকদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের দেশপ্রেমে ও মুক্তিযুদ্ধের প্রেরনায় উজ্জীবিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। বাংলাদেশ স্কাউট্স চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপজেলা স্কাউট’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হাসান, জেলা স্কাউট্স’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লিডার ট্রেনার ওয়ালিউল্লাহ সিদ্দিক। উল্লেখ্য, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও কাব দল গঠন এবং দক্ষ ইউনিট লিডার তৈরীর লক্ষ্যে ৫৯জনকে প্রথম পর্যায়ে ওরিয়েন্টেশন কোর্স করানো হয়েছে।
