ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর নামে করা ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা হাতিয়ে নিতে চাঁদনী খাতুন (২০) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ পুলিশি তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এ ঘটনায় পুলিশ চাঁদনীর স্বামী মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চাঁদনী চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
চাঁদনীর মেজো ভাই আল মামুন জানান, বেশ কিছুদিন আগে তার ভগ্নিপতি মশিয়ার রহমান চাঁদনীর নামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকার পলিসি খুলে দেয়। এর আগে চাঁদনীকে দিয়ে পিতার বাড়ির ৬০ লাখ টাকার জমি বিক্রি করায় মশিয়ার। চাঁদনীকে হত্যা করে দুর্ঘটনায় মৃত্যু দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করার পরিকল্পনা ছিল মশিয়ারের।
তিনি অভিযোগ করেন, মশিয়ার গত নভেম্বর জীবননগর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকা ও মেট লাইফ রাজশাহী শাখায় ৩০ লাখ টাকার পলিসি করেন। মূলত মৃত্যুর দাবির টাকা পেতেই নির্মম ও নির্দয় হয়ে ওঠে মশিয়ার। এ কারণে চাঁদনীকে মারপিটের পর বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ঝিনাইদহ অফিসের ইনচার্জ সাকিব মোহাম্মদ আল হাসান জানান, স্ত্রীর নামে ইন্স্যুরেন্স করা থাকলে মৃত্যুর দাবির এককালীন টাকা পাওয়া যাবে, এমন ধারণা থেকে চাঁদনীর স্বামী আরও ৩০ লাখ টাকার ইন্স্যুরেন্সে পলিসি করতে চেয়েছিল তাদের জীবননগর শাখায়। কিন্তু প্রয়োজনীয় কাগজ চাওয়ায় তিনি তা দিতে পারেননি। তিনি এই মৃত্যুটি রহস্যজনক বলেও দাবি করেন।
চাঁদনীর বাবা শাহজাহান আলী গতকাল মঙ্গলবার বিকেলে অভিযোগ করেন, দেড় বছর আগে গুড়দাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে চাঁদনীকে শারীরিকভাবে নির্যাতন করতো। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় জামাই মশিয়ারকে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। তারপরও নির্যাতন থামেনি। এক সপ্তাহ আগে জামাই মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে চাঁদনীকে শারীরিকভাবে নির্যাতন করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে জামাই মশিয়ার।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
