ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জীবননগরের মোল্লাবাড়ী এলাকা থেকে আড়াই কেজি সোনার গয়নাসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী মোল্লাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত ‘পাখিভ্যান’ থেকে সোনার গয়না উদ্ধার করা হয়। এসময় পাখিভ্যান চালক সেন্টু শেখকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ২১০ ভরি ৩ আনা ওজনের স্বর্ণের গয়নার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর জানান, জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মজনু শেখের ছেলে সেন্টু শেখ (৩২) তার ব্যাটারি চালিত রিক্সাভানে চেপে যাওয়ার সময় বিজিবির একটি দল তাকে গতিরোধ করে পাখিভ্যানটিতে তল্লাশী চালায়। এসময় ভ্যানের নিচের ড্রয়ার থেকে উল্লেখিত ভারতীয় অবৈধ স্বর্ণের গয়না উদ্ধার করা হয়। গয়নার মধ্যে রয়েছে ৩ জোড়া হাতের বালা, ১৪টি গলার হার ও ৪১ জোড়া কানের দুল। ভারতীয় অবৈধ স্বর্ণের গয়না ও ব্যাটারি চালিত রিক্সাভ্যান জব্দ করে জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে। তিনি আরো বলেন, উদ্ধার করা অবৈধ স্বর্ণের গয়নার চালান গুলো ভারতের মুম্বায় থেকে এসেছিলো। আটক ভ্যানচালক সেন্টু শেখ জানান, দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে ২ যুবক তার সঙ্গে ৫০০ টাকার চুক্তিতে তাদের পাখিভ্যানটি জীবননগর পৌঁছে দিতে বলে। চুক্তি মোতাবেক ওই পাখিভ্যানটি নিয়ে জীবননগরে আসা কালে বিজিবি তা আটক করে এবং স্বর্ণের গহনা উদ্ধার করে। ওই যুবকদের তিনি চেনেন না বলে জানান।
