সাত প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-03-28 ইং
সাত প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা বড় বাজার ও নিচের বাজারে ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। তদারকিকালে ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অধিক মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে তিনি এ জরিমানা করেন। অভিযানে নিচের বাজারের মুরগীর মার্কেটে মেসার্স নিউ ব্রয়লার হাউসে মুরগীর ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অধিক মুনাফায় মুরগী বিক্রয় ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও মেসার্স হাসান ব্রয়লার কর্নার-এর মালিক মজনু মিয়াকে একই অপরাধে ও ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। মুদি দোকান মেসার্স কাউছার স্টোরের স্বত্ত্বাধিকারী কাউছার আলীকে দোকানে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং মেসার্স কৃষি বাণিজ্যালয়ের মালিক শহিদুল হককে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৪৫ ধারায় ৫ শ টাকা, মেসার্স রাজধানী ভান্ডারের মালিক রবিউল হককে একই অপরাধ ও ধারায় ১ হাজার টাকা, মেসার্স অর্জুন স্টোরের মালিক শ্রী অর্জুন সাহাকে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের বড় বাজার চৌরাস্তার মোড়ে মেসার্স হামিদ ফল ভান্ডারের মালিক আব্দুল হামিদকে তরমুজের ক্রয় ভাউচার সংরক্ষণ না করে অধিক মুনাফায় তরমুজ বিক্রয় ও ফলের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, রমজান উপলক্ষে বাজারে মনিটরিং নিয়মিত সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। আমরা বাজার তদারকি করছি। আজ ৭টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা করাসহ সবাইকে সতর্ক করে নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্রয়লার মুরগী ও তরমুজ কম দামে বিক্রি করবে বলে খুচরা বিক্রেতারা প্রতিশ্রুতি দিয়েছেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং ও কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)