ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রোববার দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামের মশাতলা মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কবল থেকে রক্ষা পেতে মাঠের মাঝে গাছের নিচে একটি কাঁচা ঘরে কয়েকজন আশ্রয় নেন কয়েকজন। তাতেও শেষ রক্ষা হয়নি, সেখানেই বজ্রপাতে প্রাণ গেছে শিশুসহ ৫ জনের। তাদের মধ্যে এগারো বছরের একটি শিশুও রয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- উপজেলার বয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশাবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তার (৪০),আদিগ্রাম গ্রামের শাহীন (৪২), একই গ্রামের আবুল কাসেম (৪৫), সুড়সুড়ি গ্রামের আশিক আলী (১১)। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে লক্ষনীয়ভাবে। বেসরকারি হিসেবে চলতি বছর জুন মাস পর্যন্ত প্রায় ৯৭ জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে। গত বছর সাড়ে তিনশো মানুষ মারা গিয়েছিল এবং সে বছরই বহু মানুষের প্রাণহানির পর প্রথম বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে সরকার। এরপর বজ্রপাত রোধে নেয়া হয় বিশেষ পরিকল্পনা এবং শুরু হয় সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু তারপরও থেমে নেই এমন মৃত্যু। পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের বৃষ্টি শুরু হলে উপজেলার আমলা পোড়াদহ আঞ্চলিক সড়কের ঝাপারিয়া মাঠে বট গাছের নিচে একটি চায়ের দোকানে সাতজন আশ্রয় নেয়। ঐ চায়ের দোকানের উপর বজ্রপাত হলে ৪ জন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। মৃত্যু বরণকারীরা হলেন আব্দুস সাত্তার, শাহিন আলী, আবুল কাশেম, আশিক আলী। আহত হন আরো তিন জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মোশারফ নামে আরো একজনের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের মধ্যে প্রথমে তিনজনের লাশ নিয়ে যায় পরিবারের লোকজন। পরে আরও দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ প্রাকৃতিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ৯ থেকে ১০ জন ব্যক্তি খেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পাঁচজন নিহত হন। আহত হন চারজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
