ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া আকুন্দবাড়িয়া স্বপ্নপূরণ মাঠে স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এলাকা থেকে ফুটবল খেলা প্রায় হারিয়ে গেছে বললেই চলে। এক সময় আমাদের চুয়াডাঙ্গা থেকে অনেক ভালো মানের খেলোয়াড় ঢাকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল খেলায় খেলে থাকতো। ফুটবল খেলাকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের এলাকায় মাদকের প্রবণতা বেশি। তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’
ফাইনাল খেলায় চুয়াডাঙ্গায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও উকতো একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ওই খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে উকতো একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে গোল করেন মিরাজ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও টাকা তুলে দেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মিরাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, খলিলুর রহমান খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
