ছবির ক্যাপশন:
বসুন্ধরার মেয়াদোত্তীর্ণ আটার মেয়াদ মুছে নতুন মেয়াদ বসিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আসাননগরে মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আসাননগর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় বসুন্ধরার কোম্পানির ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে প্যাকেট আটা জব্দ করা হয়। জব্দকৃত আটার মেয়াদ উত্তীর্ণ হলে ডিলার ওই প্যাকেটের মেয়াদ মুছে নতুন সিলের মাধ্যমে মেয়াদ বসিয়ে দেয়। ওই অপরাধে মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্সের মালিক অসিম সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ আটাগুলো নষ্ট করা হয় ও সীলের সরঞ্জামগুলো জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন এসআই তারিফের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
