ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকুপায় আমগাছে ঝুলে থাকা দশম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের শুকুর আলী মণ্ডলের মেয়ে লাকী খাতুন (১৪) ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
নিহত লাকির মা ছালেহা খাতুন বলেন, ‘আমার মেয়ের সাথে একই গ্রামের সদু জোয়ার্দ্দারের ছেলে মারুফ জোয়ার্দ্দারের প্রেমের সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোজাখুজি করি। সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেয় আমার মেয়ের মরদেহ গাছে ঝুলছে। ছালেহার দাবী মেয়ের হত্যার পিছনে মারুফ জড়িত রয়েছে। প্রতিবেশী ওহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি জানান, ‘সকাল ৬টার দিকে মাঠে পেয়াজ বীজের জমি দেখতে যাওয়ার সময় লাকির লাশ তার নজরে পড়ে।
এদিকে মারুফ জোয়ার্দ্দার জানান, মেয়েটির সাথে আমার চাচা ভাতিজির সম্পর্ক ছিল। ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে জানাশুনা ছিল। তবে এই মৃত্যু বিষয়ে আমি কিছু জানি না। শৈলকুপা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আাইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’
