ছবির ক্যাপশন:
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় ৩টি ধারালো অস্ত্রসহ ৪ জন ও পরে ১ জনকে আটক করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে এসআই ফারুক হোসেন বাদী হয়ে সদর থানায় ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করে। তবে এলাকাবাসীর ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদনের নির্বাচন নিয়ে এক পক্ষের দিকে কাজ করছিল গ্রেপ্তারকৃতরা।
