ছবির ক্যাপশন:
করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘অমিক্রন’ সংক্রমণের উদ্বেগজনক খবরের মাঝে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারো অবৈধ পারাপার বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে চারজন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করার সময় তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান।
খবরে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের মো. মোজাম্মেল হকের মেহগনি বাগানের মধ্যে ভারত থেকে চার নারী-পুরুষ অবৈধভাবে প্রবেশ করে অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (৪০), রাজবাড়ী জেলার পাংশা থানার মহিষডাঙ্গা গ্রামের আ. রহমান ম-লের ছেলে মো. দিলবার হোসেন (৩৫), যশোর জেলার কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে মোছা. লিজা খাতুন (২৬) ও একই থানার তেজরোল গ্রামের মৃত. তফসির মোল্লার মেয়ে মোছা. কাজল রেখা (২৮)।
