ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক, যুগসন্ধি সাহিত্য পত্রিকার সম্পাদক, নজরুল আকাদেমীর নির্বাহী পরিচালক, দ্রোহের কবি অমিতাভ মীর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, বন্ধু, শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্রোহের কবি অমিতাভ মীর বেশ কিছুদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকা আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে এর আগেও একবার গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তিও হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রগতিও ছিল তাঁর শারীরিক অবস্থার। এর মধ্যে আবার নতুন উদ্যোমে লেখালেখি, যুগসন্ধি পত্রিকার কাজেও মনোযোগী হয়েছিলেন তিনি। হঠাৎ করেই আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে ঢাকা আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার বাদ আসর নামাজে জানাজা শেষে ঢাকা মিরপুর কালসী কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, দ্রোহের কবি অমিতাভ মীরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, সাধারণ সম্পাদক নজির আহমেদ, চর্চায়নের মহাপরিচালক সরদার আলী হোসেন, পরিচালক কবি রিগ্যান এসক্যান্দারসহ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চর্চায়নসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
অপর দিকে, এ গুণী লেখক ও কবির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।
