ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এই তিন বাংলাদেশি ‘কন্যা’ বড় ব্যবধানে জয় পান। লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক প্রতিদ্বন্দ্বীতা করেন।
টিউলিপ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে ১৫ হাজার ৯৬ ভোটের বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন।
ড. রূপা হক: লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ফের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তার আদি বাড়ি পাবনায়।
রুশনারা আলীর ‘হ্যাটট্রিক’: ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ইতিহাস লিখতে গেলে সবার উপরে নাম থাকবে ব্রিটিশ এমপি রুশনারা আলীর। ২০১০ সালে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়ে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন-বো আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখে ইতিহাসের পাতায় ঢুকে যান তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনেও নিজেকে ছাড়িয়ে আবারও ঢুকে যান ব্রিটিশ পার্লামেন্টে। এবারের মধ্যবর্তী নির্বাচনেও ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।
