ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী মাহাবাবুর রহমান তন্ময় ওরফে তপুকে কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে সদর থানা হেফাজতে নেওয়া হয়। রিমান্ডে নেওয়া দুইজন হলেন তন্ময় ওরয়ে তপু হত্যা মামলার অন্যতম এজহার নামীয় আসামি ইমদাদুল হক আকাশ ও সুমন।
জানা যায়, গত ৭ নভেম্বর প্রেম নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী তপুকে বিদায় অনুষ্ঠানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে কয়েকজন যুবক তপুকে প্রকাশ্যে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্কুলের অন্যান্য শিক্ষার্থীসহ শিক্ষকেরা তপুকে গুরুতর জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়।
ঘটনার দিন রাতেই নিহত তপুর বড়ভাই আলিহিম মাসুদ চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে সাত জনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪, তারিখ: ৮/১১/২০২১। মামলার পরেই অভিযান চালিয়ে পুলিশ সুমন নামের এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য আসামিরা পলাতক থাকলেও তপু হত্যা মামলার অন্যতম আসামি আকাশ ১১ নভেম্বর চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের আদালতে আত্মসমর্পণ করে।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই মেফাউল হাসান জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে ৭ দিনের ও আকাশকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ১৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। ১৬ নভেম্বর পুনরায় আকাশ ও সুমনকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস আসামি দুজনকেই তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আকাশ ও সুমনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে সদর থানায় নেওয়া হয়।
