ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এবিএম তারিক উজ্জামান। এসময় ৮ কোচিং সেন্টারকে সতর্ক করাসহ একটি কোচিং সেন্টারকে জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসএসএসি পরীক্ষার মধ্যেও কোচিং সেন্টার খোলা রেখেছিল চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি কোচিং সেন্টার। বিষয়টি প্রশাসনের নজরে আসলে এ অভিযান পরিচালনা করে। অভিযানে চুয়াডাঙ্গা শহরের কাঠপট্টি এলাকার শাহীন ইংলিশ একাডেমীর পরিচালক শাহীনুর আলম শাহিনকে ২ শ টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কলেজ রোড, সদর হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন এলাকার আরও ৮টি কোচিং সেন্টারকে সতর্ক করে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জামান বলেন, ‘এসএসসি পরীক্ষার মধ্যেও তারা কোচিং সেন্টার খোলা রেখেছিল। তাই কয়েকটিকে সাবধান করেছি। আর একটিকে ২ শ টাকা জরিমানা করা হয়েছে।
