মণ্ডপে যে কোরআন রেখেছে, সে একজন মাদকসেবী

আপলোড তারিখঃ 2021-11-15 ইং
মণ্ডপে যে কোরআন রেখেছে, সে একজন মাদকসেবী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের বাস্তবায়নে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতিতে আসেন এবং ধর্মকে ভাগাভাগি করা হয়, তাহলে এক দিন জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না বাঙালী জাতি ধ্বংস হোক। বাঙালী জাতিকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের বেশিরভাগ সময় অন্ধকার জেলে কাটাতে হয়েছে। এবং নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাঙালী জাতির জন্য স্বাধীন সার্বভৌম সোনার বাংলা গড়ার লক্ষে তিনি কাজ করেছেন। এই বাঙালী জাতির জন্য বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কখনও বিশ্বাস করেননি যে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হবে। বঙ্গবন্ধু বাঙালী জাতিকে বিশ্বাস করতেন এবং তিনি নিজে বলেছিলেন বাঙালী জাতি আমাকে কখনও মারতে পারে না। দেশের সবচেয়ে নিরাপদ স্থান জেলখানা। এই বাঙালী জাতি কতটা খারাপ, জাতীয় চার নেতাকে জেলাখানায় নির্মমভাবে হত্যা করেছে। কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্দিরে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় জড়িত ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার সাথে যারা জড়িত, আমরা তাদেরকেও দ্রুত ধরতে সক্ষম হবো। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ‘(মণ্ডপে) যে রেখেছে কোরআন শরিফ, সে একাই আসামি হবে না। কারণ, সে একজন হেরোইঞ্চি (মাদকসেবী)। তার কোনো স্বার্থ নাই ওইটা এখানে রাখার। হয় তো তাকে কেউ ৫০০ টাকা, ১০০০ টাকা দিছে। হেরোইঞ্চির কাজই তো তাই, পাঁচ টাকা পাইলেও রডের মাথা ভাইঙ্গাটাইঙ্গা নিয়া যাইয়া বিক্রি করে হেরোইন কিনা খায়। তাকে সেই ব্যবহারটা করেছে, কারা করেছে ব্যববহার? সব তথ্যই বেরিয়ে এসেছে।’ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ইসলামী গবেষক ড. এ কে এম আব্দুল মোমিন সিরাজি, ইসলামী ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক ফজলুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবী, একাডেমি মোড় জামে মসজিদ (বড় মসজিদ)’র খতিব মাওলানা বসির উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, জেলা পুরোহিত কমিটির সভাপতি শ্রী দেবেন্দ্রনাথ দোবে, সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তী ও পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রশান্ত অধিকারী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে মাননীয় মন্ত্রী চুয়াডাঙ্গায় পৌঁছালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)