ছবির ক্যাপশন:
নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে সমবায় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার সেলিম আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় কার্যালয় চালু করেন। দশের লাঠি একের বোঝা। একা যে কাজ করা সম্ভব হয় না, সেটা সকলে মিলে করলে সে কাজ সহজ হয়। তাই সমবায়ের মাধ্যমে কাজ করলে কঠিন কাজও সহজে করা যায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান গরীব রুহানী মাসুম প্রমুখ। আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তালতলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলার ৭ জন সমবায়ীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জিয়াউর রহমান।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা নাহিদ ও ওসি (তদন্ত) তুহিনুজ্জামান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতা বানু। অন্যদের মধ্যে বক্তব্য দেন তন্তুবায় সমিতির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্দদ জকু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বিল্পব হোসেন, বিআরডিবি চেয়ারম্যান রবিউল হক, ভাইস চেয়ারম্যান নাশির উদ্দিন, আবু হাসিম প্রমুখ। সভায় ৩০টি সমবায় সমিতির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগর:
জীবননগরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন করিব, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা সমবায় অফিসার নুর আলম ও উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর:
৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার। এসময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, চাঁদবিল মৎস্য সমবায় সমিতির সদস্য ক্ষুদিরাম হালদার, হরিরামপুর বিল সমবায় সমিতির সভাপতি ফিরাতুল ইসলাম, মেহেরপুর সমবায় ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। পরে সমবায়ে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করেন বিভিন্ন এলাকার সমবায় ব্যক্তিদের।
মুজিবনগর:
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট বিতরণের মধ্যদিয়ে মুজিবনগরে জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও মুজিবনগর সমবায় বিভাগ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন, পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা সমবায় অফিসার শাহিনুজ্জামান, সাঈদ আনোয়ার, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ম্যানেজার মাহফুজ আলম, গোপালনগর প্রান্তিক ব্যবসায়ী সমবায় সমিতি লি. সভাপতি মোখলেছুর রহমান, রুপালী সমবায় সমিতির নির্বাহী পরিচালক হাসানুজ্জামান, সু-প্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ঝর্ণা খাতুন।
