ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ও কৃষি প্রণোদনা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কৃষি অফিস চত্বরে এসব বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষির উন্নয়ন ছাড়া এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব নয়। মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষা গ্রহণের মাধ্যমে কৃষির উন্নয়ন তথা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে সক্ষম হবে। বঙ্গবন্ধু বলতেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, তার সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা পূরণ করে চলেছে। কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না, দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা আজ পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। মেট্রোরেল তৈরির পথে, ঢাকাসহ সারা দেশে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসায় বড় বড় বিল্ডিং নির্মাণ করে ছেলে-মেয়েদের শিক্ষার মানউন্নয়নে ভূমিকা রাখছে। বাংলাদেশে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে। প্রতিটি উপজেলায় একযোগে ৩ শ’র বেশি কলেজ সরকারিকরণ করেছে। একটি করে স্কুল সরকারি করেছে, সবই শিক্ষার মানউন্নয়নের জন্য। কারিগরী শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে আমাদের ছেলেরা বিদেশে যেয়ে ভালো কাজ করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা ৭টি কম্বাইন্ড হার্ভেস্টার, ১টি রিপার, ১টি মেইজ সেলার যন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করব। এছাড়াও চলতি রবি মৌসুমে ১ হাজার ২৯০ জনকে গমের বিজ, সার, ১ হাজার ৬৯০ জনকে ভুট্টার বিজ ও সার, ১ হাজার ৩৯০ জনকে সরিষার বিজ ও সার, ১৮৫ জনকে শীতকালীন পেঁয়াজের বিজ ও সার, ২৫৫ জনকে মসুরের বিজ ও সার বিতরণ করা হবে। যা সরকার কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের দিচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি ও ওসি (অপারেশন) শেখ মাহবুবুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহিদ সোহরোয়ার্দি। আরও উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, জেলা পরিষদের সদস্য আবু মুছা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
