ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে নিম্নমানের শিশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, জীবননগর পৌরসভার নতুন তেঁতুলিয়া মোড়ে অবস্থিত জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স নিশান ট্রেডার্সে নিম্নমানের শিশুখাদ্য বিক্রয় করা হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ সরেজমিনে গেলে ঘটনার সত্যতা পান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইতে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং নিম্নমানের শিশুখাদ্য বিনষ্ট করেন।
অপর দিকে, জীবননগর হাসপাতাল সংলগ্ন চৌধুরী মুড়ি ফ্যাক্টরিতে মুড়ির প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও নিম্নমানের লবন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হুমায়ন কবির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে জীবননগর থানার পুলিশ।
