ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দ্রুতগামী পূর্বাশা পরিবহনের ধাক্কায় সিহাব (৭) নামের এক শিশুর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। একই সময়ে আহত হয়েছে সিহাবের মামাত ভাই সাজিদ (১৭)। পরে স্থানীয় ব্যক্তিরা একটি পা বিচ্ছিন্ন অবস্থায় শিশু সিহাবকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পা হারানো শিশু ঝিনাইদহ সদর উপজেলার বোড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে। আহত সাজিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসে শিশু সিহাব। গতকাল সাজিদ তার ফুফাত ভাই সিহাবকে সঙ্গে সিয়ে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে যাচ্ছিল। এসময় হাসনহাটি থেকে মোটরসাইকেল নিয়ে বদরগঞ্জ বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী পূর্বাশা পরিবহণ বাক ঘোরার সময় পেছনের চাকার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় বাসের সঙ্গে ধাক্কা লেগে সিহাবের ডান পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত সিহাবের বিচ্ছিন্ন হওয়া পাসহ সিহাব ও সাজিদকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিহাবকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখে।
সদর হাসাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘বিকেল চারটার দিকে কয়েকজন ব্যক্তি হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পাসহ একটি শিশুকে জরুরি বিভাগে নেয়। সড়ক দুর্ঘটনায় শিশুটির পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানতি পারি। এসময় জরুরি বিভাগ থেকে শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শরীর থেকে শিশুটির একটি পা বিচ্ছিন্ন হলেও শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। তবে পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।’
