ছবির ক্যাপশন:
ছেলের ইচ্ছা পূরণ করে নতুন বাইসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না বাবার
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ছেলের ইচ্ছা পূরণ করে বাড়ি ফেরা হলো না পিতার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উপজেলার ঘোলদাঁড়ি পাইকপাড়া গ্রামের মৃত গফুর মণ্ডলের ছেলে আসান আলী (৫৫)। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি মালিথাপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আসান আলী তাঁর ছোট ছেলের করা আবদার পূরণের জন্যই বাড়ি থেকে এক মোটরসাইকেলে ছেলে ও জামাইকে সাথে নিয়ে বাইসাইকেল কেনার জন্য বের হন। আলমডাঙ্গা বাজার থেকে ছেলের পছন্দের বাইসাইকেল কিনে মোটরসাইকেলযোগে জামাই ও ছেলেকে বাড়ি পাঠিয়ে দেন। আর তিনি নতুন কেনা বাইসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যাক্ষদর্শী বেলগাছি গ্রামের রাজন বলেন, আসান আলী বাইসাইকেলে চড়ে ঘোলদাঁড়ির দিকে যাচ্ছিলেন। আর বালি টানা ১০ চাকার ড্রাম ট্রাক রাস্তা ভাঙা হওয়া সত্তেও দ্রুতগতিতে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। আসান আলী রাস্তার বাম দিকে থাকলেও ট্রাকটি সামনা সামনি ধাক্কা দেয় আসান আলীকে। ধাক্কা দিয়ে সাইকেলসহ আসান আলীর মাথার ওপর দিয়ে চালিয়ে দেয় ট্রাক। সাথে সাথেই আসান আলীর মৃত্যু হয়। ট্রাকের চালক গাড়ি থামিয়ে দৌঁড়ে পালিয়ে রাস্তার পাশের কচু বাগানে আশ্রয় নেন। এসময় গ্রামবাসী ধাওয়া করে চালক রাজুকে পাকড়াও করে। হেল্পার দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকরা মোটরসাইকেলযোগে তাড়া করে ট্রাক ও ট্রাকের হেল্পার সেলিমকে আলমডাঙ্গা হাউসপুর ব্রিজের নিকট আটক করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বেলগাছি মালিথা পাড়ার নিকট সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় একজনের মৃত্যুর খবর, ড্রাইভার হেল্পার ও ট্রাক আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত আসান আলীর লাশ ও জনতার হাতে আটক কুষ্টিয়া যুগিয়া পালপাড়ার ছাদেক আলীর ছেলে রাজু ড্রাইভার ও কুদ্দুস আলীর ছেলে সেলিম হেল্পারসহ কুষ্টিয়া-ট ১১-৩০৮৬ নম্বরের বালি টানা ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের পরিবার মামলা না করাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাইভার ও হেল্পারকে ট্রাকের মালিকের নিকট হস্তান্তর করা হবে।
