ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে রাইস মিলে ডাকাত দলের হানা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় নৈশপ্রহরীকে বেধে রেখে মেসার্স ইউনুছ রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল সে সময় মিলের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনচালিত দুটি লাটাহাম্বার গাড়ি নিয়ে গিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মুখোস পরে ১০-১২ জনের ডাকাত দল ওই মিলে হানা দেয়। ওই মিলের মালিক আলমডাঙ্গার বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হক।
ওই রাইস মিলের নৈশপ্রহরী বণ্ডবিল গ্রামের মৃত ফকির আলীর ছেলে আব্দুল আজিজ (৬০) জানান, রাত প্রায় আড়াইটার দিকে মিলের তারকাটার বেড়া কেটে ১০-১২ জনের ডাকাত দল দাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মিলের গেটের তালা ভেঙে ধান-চাল বহন করা দুটি লাটাহাম্বার গাড়ি নিয়ে যায়।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে।
