ছবির ক্যাপশন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্যে ছিল ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’।
চুয়াডাঙ্গা:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের উদ্যোগে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘ মিলনায়তনে ৫ জন গুণী শিক্ষককে ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শুরুতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষককে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফুল, বই, কলম প্রদান বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ফোরামের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তব্য দেন অধ্যক্ষ আবু রাশেদ, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মালেকা রহমান মাখন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, তাহেরুল ইসলাম, মোস্তফা কামাল, ফকরুল ইসলাম, হারুন অর রশীদ, দিলরুবা খানম, মতিয়ার রহমান, ফজলুল হক মানিক, লোটন, আবু সাঈদ হেলাল নূর, ছবি রানী সিংহ রায়, শামসুন নাহার, আবুল কালাম আজাদ, মো. মিনাজুর রহমান, রউফুন্নাহার, আশরাফুল হক, আব্দুর রহিম, একরামুল হক, এ কে এম জাহিদ হোসেন, রাশিদুল হাসান, মজিবুল হক, এ কে এম আলী আখতার, নূর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন সানিয়া মাহজাবীন কোয়েল ও নজির আহমেদ।
প্রধান অতিথি এস এম ইস্রাফিল ও বিশেষ অতিথি আলমগীর হোসেন ৫ জন গুণী শিক্ষককের হাতে ক্রেস্ট তুলে দেন। এ ৫ জন গুণী শিক্ষক হলেন- আলডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আফিলউদ্দীন, চুয়াডাঙ্গা একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহাতাবউদ্দীন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খাজির আহমেদ, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ও দামুড়হুদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষাবিদ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাস।
ঝিনাইদহ:
‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুহা. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মহি উদ্দিন, শিক্ষক নেতা শ্যামল কুমার রায়, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, রেজাউল করিম ও শৈলকুপার মাসুদ করিম।
সভায় বক্তারা বলেন, পৃথিবীর ১ শ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ দিনটি উদ্যাপিত হয় না। এই দিনটিকে সরকারি ছুটি দাবি জানিয়ে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫ ভাগ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি।
