ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এডিএম আরাফাত রহমান
সমীকরণ প্রতিবেদন:
‘সাবধানে চালালে গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরাফাত রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের এমওডিসি ডা. আওলিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর ফখরুল ইসলাম, খাইরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুক্তা, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ের সভাপতি এম জেনারেল ইসলাম এবং ট্রাক-ট্যাঙ্ক-লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বলেন, সব দুর্ঘটনার জন্য চালক সবসময় দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অনেক চালকই রোড সাইন সম্পর্কে ভালোভাবে জানেন না। রোড সাইন সম্পর্কে অজ্ঞতাও সড়ক দুর্ঘটনার কারণ। এ জন্য সকলকে রোড সাইন ভালোভাবে জানতে হবে।’ প্রশিক্ষণ কর্মশালায় আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ চুয়াডাঙ্গার ড্রাইভিং প্রশিক্ষক ও সিল ম্যাকানিক্স জাকির হোসেন।
