ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলর চালকসহ তিন যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া সততা ফুড পার্কের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে আহত তিন যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের সাজিদ হাসানের ছেলে রিয়াজ (১৮), একই উপজেলার পীরপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে তানজিম (১৯) ও জুমাত আলীর ছেলে আকরাম হোসেন (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরমুখী দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলই আলুকদিয়া সততা ফুড পার্কের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত তিন যুবককে জরুরি বিভাগে নেয়। মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে তারা আহত হয়েছে বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে আহত তিনজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তিনজনের অবস্থাই শঙ্কামুক্ত।’
