ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে একটি ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে বামন্দীর সেলিম ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড় পাড়ার আরিফুল ইসলামের ছেলে।
ওয়ার্কশপের শ্রমিক সোহেল জানান, সেলিম ওয়ার্কশপের ওয়াইরিং হেলপার শিশু ইব্রাহিম স্থানীয় শিপনের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। অন্য কর্মচারীরা তাঁকে উদ্ধার করে বামন্দী মাহি ক্লিনিক গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওয়ার্কশপের লোকজন তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেলিম ওয়ার্কশপের স্বত্ত্বাধিকারী সেলিম রেজা জানান, ‘ইব্রাহিম গত তিন বছর যাবত আমার দোকানে কাজ করে। সে হঠাৎ করে পাশে শিপন এর দোকানে গিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
