ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ শীর্ষক জাতীয় স্যানিটেশন মাস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমরা স্যানিটেশন ব্যবস্থার জন্য বিভিন্ন স্থানে কত ক্যাম্পেইন করেছি। মানুষকে সচেতন করেছি। এখন সময় কিছুটা বদলেছে। মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন। আসলে, আমাদের সুস্থ থাকতে হলে উন্নত স্যানিটেশন ব্যবহার ও নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার-পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এ জন্য ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।’ তিনি আরও বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিবার থেকে পরিস্কার-পরিচ্ছন্নতার অনুশীলন শুরু করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান। আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহা, চেম্বার অব কমার্স’র সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. তারেক আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলরগণসহ আরও অনেকে।
