ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডা. মাহবুব মেহেদীর বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বছরব্যাপী জেলায় ৭৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামের মাঠপাড়ায় বৃক্ষরোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষরোপন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। তিনি ব্যক্তিগতভাবেই পুরো বছরব্যাপী জেলায় এই ৭৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিষয়ে বেশ সোচ্চার। তিনি বার বার বৃক্ষ রোপণ করার কথা বলেন। সেজন্য এবার উদ্যোগ নিয়েছে বছরব্যাপী ৭৫ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করবো। পর্যায়ক্রমে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এক বছরে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে এ গাছগুলো লাগানো হবে।’
বৃক্ষরোপণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
