ছবির ক্যাপশন:
প্রেমিকাকে গান উৎসর্গ করে কলেজছাত্রের আত্মহত্যা ঝিনাইদহ অফিস: প্রথমবার ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন কলেজছাত্র দেলোয়ার হোসেন মোল্লা (২২)। কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারেনি। প্রেমে ব্যর্থ হয়ে গতকাল শুক্রবার আত্মঘাতি হন তিনি। প্রেমিকা বিয়ে করতে রাজি না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন ওই গ্রামের বস্কা মোল্লার ছেলে। গ্রামবাসী জানান, দেলোয়ার হোসেন এর আগেও প্রেম করে ব্যর্থ হয়ে ঘুমের বড়ি সেবন করেন। এরপর তিনি হরিণাকুণ্ডু লালন শাহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে ভালোবাসতেন। তাঁর বাড়িও হলিধানী এলাকায়। বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখাত হন দেলোয়ার। মেয়েটি ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গতকাল শুক্রবার বিষপান করে নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন কলেজছাত্র দেলোয়ার। মৃত্যুর আগে মেয়েটির সঙ্গে ভিডিও কল করে আত্মহত্যার জন্য বিষপান করে বলে জানা গেছে। তা ছাড়া মৃত্যুর আগে দেলোয়ার তাঁর ফেসবুকে লেখেন ‘পড়ে থাকবে আইডিটা, স্মৃতি স্বরুপ গানগুলো, কিছু ছবি, কিছু পোস্ট আর কিছু প্রিয় মানুষ, যারা সবসময় চ্যাট লিস্টের ওপর থাকত- পড়ে থাকবে এভাবেই, শুধু আইডিটা অ্যাক্টিভ দেখাবে হ্যাস ট্যাগ প্রিয়কে উৎসর্গ করে।’ এছাড়া তিনি প্রেমিকার উদ্দেশ্যে বহু বিরহের গান গেয়ে নিজেই তাঁর ফেসবুকে আপলোড করেছেন। বিষয়টি নিয়ে সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বয়সে বড় হলিধানীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার কথা শুনেছি। প্রেমঘটিত বিষয়ে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
