ছবির ক্যাপশন:
দামুড়হুদার ৪, জীবননগরে ১, মেহেরপুরে ৯ ও মহেশপুরে ১২টিসহ
সমীকরণ প্রতিবেদন:
দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ধাপে চুয়াডাঙ্গায় ৫টি, মেহেরপুরে ৯টি ও ঝিনাইদহের ১২টি ইউনিয়নসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকার বুধবার নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
চুয়াডাঙ্গার যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডঙ্গা, কুড়ুলগাছি, দামুড়হুদা ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন।
মেহেরপুরে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- মুজিবনগর উপজেলার দারিয়ারপুর, মোনাখালী, বাগোয়ান, মহাজনপুর এবং গাংনী উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া, বামুন্দী, মটমুড়া ও সাহারবাটি ইউনিয়ন।
ঝিনাইদহে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- মহেশপুর উপজেলার এসবিকে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজিরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়িয়া ও আজমপুর ইউনিয়ন।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
